বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৩:৩৩

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু : নকল প্রতিরোধে সতর্ক প্রশাসন

যশোর বোর্ডের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় দিচ্ছে।ছবি: বাসস

যশোর, ২ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশের মতো যশোর বোর্ডেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত গুজব প্রতিরোধে সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন।
এ বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লক্ষ ১৭ হাজার ১৭৭ শিক্ষার্থী ২৪০টি পরীক্ষা কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এরমধ্যে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭২৩ জন, মানবিকে ৮১ হাজার ৬৯০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৯৪ জন শিক্ষার্থী রয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস সালাম বাসস’কে জানিয়েছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য এবার সবগুলো পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সমন্বয়ে গঠন করা হয়েছে বেশ কয়েকটি ‘র‌্যাপিড ভিজিলেন্স টিম’।
তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত যে কোন ধরণের গুজব প্রতিরোধে জেলা প্রশাসন সতর্ক অবস্থায় আছে।