শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১১ জুন, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দশ বগির একটি শাটল ট্রেন উদ্বোধন করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের বটতলী স্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
তিনি বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করেছি এখনো তিনমাস হয়নি। ইতোমধ্যেই ক্যাম্পাসে একটা বড় সংযোজন হয়েছে, আমরা অনেক দিনের পুরোনো একটা রেল পরিবর্তন করে নতুন ট্রেন নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’
এসময় সেখানে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়াসহ আরও অনেকেই।
চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘চবি শিক্ষার্থীদের জন্য নতুন শাটল ট্রেন এসেছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা দাবি জানিয়েছিলাম, দুইটা ট্রেনে যেহেতু শিক্ষার্থীদের সংকুলান হচ্ছে না, সেহেতু নতুন করে আরেকটা ট্রেন যাতে চালু করা হয়। আশাকরি, দ্রুত শিক্ষার্থীদের সে আশাও পূরণ হবে।’
ইসহাক ভূঁইয়া বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে দু’টি শাটল ট্রেন চলাচল করে। এদের মধ্যে একটা ট্রেনের সবগুলো বগি পরিবর্তন করে নতুন বগি সংযোজন করা হয়েছে। পুরাতন বগিগুলোতে বেশকিছু মৌলিক সমস্যা ছিল যেমন- ফ্যান চলতো না, লাইটগুলো ভাঙা ছিল, অনেকগুলো বগির সিলিং নষ্ট ছিল, ফ্লোর নষ্ট ছিল। এখনের সবগুলো বগি মেরামত করা হয়েছে। এখন থেকে নতুন সব সুবিধা শিক্ষার্থীরা পাবে।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চালু হয়।