শিরোনাম

খুলনা, ৯ জুন, ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয় (কেইউ) স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্টাডিজের এডিটর ইন চিফ প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয় স্টাডিজে প্রকাশনার জন্য জমাকৃত গবেষণা নিবন্ধসমূহের প্রকাশনা ও জার্নালের ইনডেক্সিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপাচার্য জার্নালটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ইনডেক্সিং প্রক্রিয়া জোরদার এবং বিদেশি গেস্ট এডিটর অন্তর্ভুক্তির বিষয়ে সভায় বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া নতুন ভলিউম প্রকাশের পর একটি অ্যাওয়ারনেস সেমিনার আয়োজনের আহ্বান জানান, যাতে জার্নালের সীমাবদ্ধতা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সংশ্লিষ্টদের সামনে তুলে ধরা যায়।
বিশ্ববিদ্যালয় স্টাডিজকে চারটি বিষয়ভিত্তিক পৃথক জার্নালে রূপান্তরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন উপাচার্য। এ লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা সংস্থা ‘খুলনা বিশ্ববিদ্যালয় প্রেস’ প্রতিষ্ঠার বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বোর্ডের এডিটর ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। এডিটরিয়াল বোর্ডের নির্বাহী সম্পাদক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. হায়দার আলী বিশ্বাস আলোচ্যসূচি উপস্থাপন করেন।
এ সময় এডিটরিয়াল বোর্ডের সদস্য প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, প্রফেসর ড. মো. নাসিফ আহসান, প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার, প্রফেসর ড. মো. আশিক উর রহমান, প্রফেসর ড. মো. রাশেদুর রহমান, প্রফেসর ড. মো. ইমদাদুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্টাডিজকে আরও বেশি সমৃদ্ধ করতে মতামত ব্যক্ত করেন।