বাসস
  ১৪ মে ২০২৬, ১৯:১৫

রাবিতে নারী উদ্যোক্তা মেলা শুরু

ছবি: বাসস

রাজশাহী, ১৪ মে, ২০২৬, (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও ছাত্রী হল সংসদসমূহ শহীদ মিনার চত্বরে এই মেলার আয়োজন করে। 

এদিন বেলা ১২টায় মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।

উদ্বোধনের পর উপ-উপাচার্য (প্রশাসন) মেলার স্টলসমূহ পরিদর্শন ও উপস্থিত উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। 

তিনি এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ রাকসু ও হল ছাত্রী সংসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
মেলায় নারী উদ্যোক্তাদের ৪২টি প্রতিষ্ঠান অংশ নেয়।