শিরোনাম

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর পলিসি রিসার্চ অন বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরবিডি)-এর সঙ্গে যৌথভাবে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক বীমায় আন্তর্জাতিক সার্টিফিকেশন চালু করেছে ইউএনডিপি বাংলাদেশ।
উদ্যোগটি ইউএনডিপি’র ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ফাইন্যান্স ফ্যাসিলিটি (আইআরএফএফ)-এর অধীনে বাস্তবায়িত হচ্ছে।
ইউএনডিপি থেকে প্রকাশিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সার্টিফিকেশন কর্মসূচির লক্ষ্য হলোÑ স্বল্প আয়ের পরিবার, ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক বীমা সমাধান ডিজাইন, সরবরাহ এবং সম্প্রসারণ করতে সক্ষম কিছু সংখ্যক দক্ষ পেশাদার তৈরি করার মাধ্যমে বাংলাদেশের বীমা পরিকাঠামোকে শক্তিশালী করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক বীমা স্থিতিশীল ও ন্যায়সঙ্গত অর্থনীতি গড়ে তোলার অপরিহার্য উপাদান। সার্টিফিকেশনটি দক্ষতার ঘাটতি পূরণে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদা পূরণে সক্ষম সমাধান প্রণয়নে পেশাদারদের প্রস্তুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান ড. আবুল খায়ের বলেন, জাতীয়ভাবে প্রতিষ্ঠিত একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আন্তর্জাতিক মানকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই উদ্যোগটি নিশ্চিত করে যে, জ্ঞান শুধু হস্তান্তরই হবে না, বরং তা টেকসইও হবে। এটি বাংলাদেশকে এমন অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক বীমা ব্যবস্থা তৈরিতে নেতৃত্ব দেওয়ার অবস্থানে নিয়ে আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম।
মূল বক্তব্য উপস্থাপন করেন ইউএনডিপি আইআরএফএফ-এর জাতীয় প্রোগ্রাম অফিসার মনিরুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও এই উদ্যোগের সহ-নেতা ড. অদিতি শামস অনুষ্ঠানটি সমন্বয় করেন।