শিরোনাম

রাজশাহী, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ক্যাম্পাসের ১২টি আবাসিক হল ও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে প্রাথমিক চিকিৎসা বাক্স বিতরণ ও শিক্ষার্থীদের জন্য একটি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সেশনের আয়োজন করেছে।
সোমবার রাকসু ভবনের সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালিত হয়।
রাকসু’র নারী বিষয়ক সম্পাদক সৈয়দা হাফছার নেতৃত্বে নেওয়া এ উদ্যোগের আওতায় ছাত্র ও ছাত্রীদের ১২টি হল, ডরমিটরি, জিমনেসিয়াম ও বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম অন্তর্ভুক্ত ছিল।
আয়োজনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তার তত্ত্বাবধানে একটি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।
এ সময় সৈয়দা হাফছা বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য প্রাথমিক জরুরি সহায়তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, আজ যে প্রাথমিক চিকিৎসা বাক্সগুলো প্রদান করা হয়েছে, তা বড় ধরনের চিকিৎসার জন্য নয়। তবে, কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, প্রাথমিক সেবা নিশ্চিত করার জন্য এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে।
রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, এই উদ্যোগ হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সহায়তার জন্য প্রতিটি হলে প্রাথমিক চিকিৎসা বাক্স প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা ছাত্র সংসদের স্বাভাবিক দায়িত্ব। আজকের উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন রাকসু’র নির্বাহী সদস্য এ বি এম খালেদ।
এ ছাড়া রাকসু’র সহকারী সাধারণ সম্পাদক এস এম সালমান সাব্বির, মহিলা বিষয়ক সহকারী সম্পাদক সামিয়া জাহান ও ৫০ জনের বেশি হল সংসদ নেতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।