বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৫:২৫

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো। ছবি: বাসস

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো।

আজ (মঙ্গলবার) ঢাবির জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উপচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারনেন্স-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাবি এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ করা নিয়ে আলোচনা করেন।

এ সময় ঢাবি এবং ফ্রান্সের সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও তারা ঐকমত্যে পৌঁছান।

উল্লেখ্য, ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো গত দুই বছর ধরে ঢাবির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারনেন্স-এ ভিজিটিং ফেলো হিসেবে কাজ করছেন। 

এছাড়া, তিনি ঢাবি এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ ও যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করছেন।

সেইসঙ্গে, ফ্রান্স ও ইতালিসহ বিভিন্ন ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক জোরদারেও তিনি অবদান রাখছেন।

উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়নে সহযোগিতার জন্য অতিথিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তাদের কার্যালয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।