শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বর্তমানে মাউশি অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত রয়েছেন তিনি। মাউশির মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত পরিচালকের পাশাপাশি তিনি এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মাউশি অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল (৩১৭৪)-কে ট্রেজারী ও সাবসিডিয়ারী আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।