শিরোনাম

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম রাজু ভাস্কর্য চত্বরে অনশনরত শিক্ষার্থীদের দেখতে গিয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।
আজ শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে রাজু ভাস্কর্য চত্বরে গিয়ে তিনি অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপাচার্য বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সুস্থ থাকুক। কোনো শিক্ষার্থী যেন অসুস্থ না হয়ে পড়ে।
শিক্ষার্থীরা অনশন ভেঙ্গে বাসায় ফিরে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, অনশনরত শিক্ষার্থীদের বার্তা সরকারের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
উপাচার্য জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বুধবার রাতেও চিকিৎসকদল প্রেরণ করা হয়েছে।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।