শিরোনাম

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইকোনমিকস স্টাডি সেন্টারের উদ্যোগে সপ্তম ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’ শুরু হয়েছে।
আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়।
সাউথ ইস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে ইকোনমিকস স্টাডি সেন্টার থেকে প্রকাশিত দুটি জার্নালের মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সামিট আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান ঢাবি উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণা জার্নাল প্রকাশ ও একাডেমিক উপস্থাপনা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের এ ধরনের গবেষণাধর্মী ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের এই সৃজনশীলতা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফনান ওসমান ও জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র নির্বাহী সহ-সভাপতি আবদুস সবুর খান এবং ইকোনমিকস স্টাডি সেন্টারের সভাপতি অনির্বাণ ঘোষ।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই সামিটে এলডিসি উত্তরণ, শ্রম, শিক্ষা ও উদ্যোক্তা এবং জ্বালানি ও পরিবেশবান্ধব কর্মসংস্থান নিয়ে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র ফেলো, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা এসব প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।