বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ২৩:৩৩

ঢাবিতে ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ছবি: বাসস

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এবং বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেমিস্ট্রি অলিম্পিয়াড আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রসায়নের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।

এ সময় শিক্ষার্থীদের কাছে রসায়নকে আরও সহজ ও বোধগম্য করে উপস্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন উপাচার্য। একইসঙ্গে রসায়ন শিক্ষা ও গবেষণার মাধ্যমে মানবকল্যাণে কার্যকরী ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক এবং ঢাবি রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলিফ রুদাবা, বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে মো. লুৎফর রহমান।