বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৪:০৭

বিএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিএমইউর উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ২৪ মার্চ ২০২৬ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএমইউ-এর ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, নার্সিং অফিসার, রেসিডেন্ট, শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমান এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান।

সৌহার্দ্য ও সম্প্রীতির এই আয়োজনে অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, বিভাগ ও হাসপাতালের কার্যক্রম আজ থেকে স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে।

এর আগে, গত ২১ মার্চ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

ঈদ উপলক্ষ্যে হাসপাতালের রোগীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া ছুটির সময়েও চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়। 

গত ১৯ ও ২২ মার্চ দু’দিনে বহির্বিভাগে মোট ৯০৪ জন রোগী সেবা নেন। বন্ধের দিনগুলোতে বহির্বিভাগ, ইনডোর ও জরুরি বিভাগ চালু ছিল। এছাড়াও রেডিওলজি ও ইমেজিং বিভাগে এক্স-রে ও সিটি স্ক্যান সেবা দেওয়া হয়।

বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, ছুটির দিনগুলোতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীসহ প্রায় ৫শ’ স্বাস্থ্যকর্মী রোগীদের সেবা দিয়েছেন।