শিরোনাম

খুলনা, ২৪ মার্চ ২০২৬ (বাসস) : খুলনার বিএল কলেজের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৩ মার্চ) খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল (বিএল) কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম (বকুল) এমপি। বিশেষ অতিথি ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের সার্বিক নিরাপত্তা জোরদার, চুরি রোধ, মাদকবিরোধী কার্যক্রম, সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে সামাজিক সম্পৃক্ততা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাই একমত হন।
সভায় কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়সহ কলেজের শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিরা কলেজের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।