বাসস
  ২২ মার্চ ২০২৬, ১০:২৫

বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের ঈদ আনন্দ ভাগাভাগি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। ছবি : সংগৃহীত

রংপুর, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগির উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তার নির্দেশনায় আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য ঈদের দিন বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

ঈদের ছুটিতে নানা কারণে যারা বাড়ি যেতে পারেনি, তাদের কথা বিবেচনায় রেখে সকালে সেমাইসহ বিভিন্ন মিষ্টান্ন এবং দুপুরে পুষ্টিকর বিশেষ খাবার পরিবেশন করা হয়। এতে হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তারা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পায়।

ঈদের দিন শনিবার দুপুরে উপাচার্য শহীদ মুখতার ইলাহী হল ও বিজয় ২৪ হল পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত হয়।

পরিদর্শনকালে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. কামরুজ্জামান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেন এবং আবাসিক হলের সহকারী প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।

শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার ক্যাম্পের সদস্যদের জন্যও উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। উপাচার্য দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সার্বিকভাবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ ক্যাম্পাসে অবস্থানরত সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।