বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১১:২৭

ফের কুয়েটের উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। ছবি : বাসস

খুলনা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর হিসেবে দ্বিতীয দফা নিয়োগ পেয়েছেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

এরআগে, গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই নিয়োগের তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন।

এদিকে, ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের উচ্চশিক্ষা উন্নয়ন ও গবেষণাবান্ধব নীতিমালার আলোকে কুয়েটকে একটি আধুনিক, গবেষণা নির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। শিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার বিস্তার এবং শিক্ষার্থী-কেন্দ্রিক একটি ইতিবাচক একাডেমিক পরিবেশ নিশ্চিত করার জন্য সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি। দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে কুয়েট যেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই আমরা সম্মিলিতভাবে কাজ করবো।’

অধ্যাপক  ড. মুহাম্মদ মাছুদ  ইতোপূর্বে কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএস-এর চেয়ারম্যান, বিভিন্ন মেয়াদে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক সম্মেলন-এর কনফারেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নাল ও কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হয়েছে এবং তাঁর একাধিক বই ও বুক চ্যাপ্টার রয়েছে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

তিনি ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। একই বছরে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়ে ২০১১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি অধ্যাপক (গ্রেড-১) হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি (২০০৩) ও পিএইচডি (২০০৬) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি যুক্তরাস্ট্রের এল ফাসোর ট্রেক্সাস ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল গবেষণা করেন। 

তিনি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রমে যুক্ত ছিলেন।