বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১০:২৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ‘অডিট ম্যানুয়াল’ যুগোপযোগী করতে কমিটি গঠন

ফাইল ছবি

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত এবং অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অডিট ম্যানুয়াল’ যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখার সহকারী সচিব মো. সেলিম সিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন ও নিরীক্ষা অনুবিভাগ)-কে আহ্বায়ক এবং যুগ্মসচিব (নিরীক্ষা অধিশাখা)-কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কলেজ-২) ও যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক); ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর প্রতিনিধি; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিনিধি; পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর পরিচালক; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও মাধ্যমিক); কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা অডিট অধিদপ্তরের প্রতিনিধিগণ। এছাড়া ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটি’র সদস্যদেরও এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তের আলোকে অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি ও পরিদর্শন কার্যক্রম সহজীকরণের স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে বলা হয়।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম শহিদুল ইসলাম বাসস’কে জানান, এই কমিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সংগতি রেখে একটি যুগোপযোগী অডিট ম্যানুয়াল প্রণয়নের সুপারিশ করবে।

তিনি বলেন , এর ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হবে। যার মধ্যে দিয়ে দীর্ঘদিনের ঝুলে থাকা অডিট আপত্তিগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে।