বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯

ঝিনাইদহে ভারতীয় অবৈধ ওষুধসহ দম্পতি আটক

ছবি : বাসস

ঝিনাইদহ, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার নেপা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকরিয়া (২৯) ও তার স্ত্রী পারভিন খাতুন (১৯)।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার নেপা গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে তল্লাশি চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়। 

পরে তাদের দেয়া তথ্যমতে ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭শ’ পিস অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধ উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বাসসকে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।