শিরোনাম

বাগেরহাট, ১০ আগস্ট, ২০২৬ ( বাসস) : জেলার রামপালে ৩২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ সহায়তা দেয়া হয়।
গতকাল রোববার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রধান অভিষেক কুমার।
তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক জি এম তরিকুল ইসলাম এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও মনোযোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় মানুষের কল্যাণে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরা হয়।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা জানান, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।