শিরোনাম

নাটোর, ২৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার সাজিদ জুট মিলে সংঘটিত ডাকাতির ঘটনায় পাবনা থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার আটঘড়িযা থানার হায়দারপুর গ্রামের মৃত বেল্লাল মৃধার ছেলে মাহাতাব মৃধা, একই থানাধীন তারাপাশা এলাকার গোলাপ হোসেনের ছেলে সেলিম হোসেন, সদর থানা এলাকার মাছিমপুর এলাকার মৃত আকুব্বর প্রামানিকের ছেলে লিটন প্রামানিক, একই থানার চরঘোষপুর এলাকার মিঠু শেখের ছেলে সাদ্দাম হোসেন, একই এলাকার মৃত মোফাজ্জল মন্ডল এর ছেলে আব্দুল খালেক ও কোষাখালী এলাকার আজগর আলীর ছেলে সাগর শেখ।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জানান, চলতি বছরের ৩০ মে রাতে লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে অজ্ঞাত ১২/১৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিলের পিছন দিক দিয়ে মিলের ভিতরে প্রবেশ করে। পরে মিলের একজন মেকানিকেল ইঞ্জিনিয়ারসহ ৪ জন স্টাফকে বেঁধে পৃথক পৃথক ঘরে ফেলে রেখে সারা রাত মালামাল লুট করে। পরে একটি পিকআপ ভ্যানে করে ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় একই দিন বিকালে জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদি হয়ে লালপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি এজাহার দায়ের করেন।
পরে পুলিশ এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে। তদন্ত শেষে গতকাল সোমবার দিবাগত রাতে পাবনা শহর ও আটঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় লুন্ঠিত তামার তার, মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি ব্যাটারি চালিত ভ্যান ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।