শিরোনাম

পটুয়াখালী, ২৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার বাউফল উপজেলায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীত প্রিভেইল (চৎবাধরষ) প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বাউফল সরকারি কলেজ অডিটোরিয়ামে বাউফল থানা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, পুলিশ সার্ভিস ডেস্ক ও নারী, শিশু, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, জনগণের আস্থা ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করা সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।
নারী হেল্প ডেস্কে কর্মরত এএসআই লামিয়া আক্তার বলেন, ‘পুলিশের অনেক ধরনের সেবা রয়েছে। এর মধ্যে ১০৯ নম্বরে কল সেবা নারী ও শিশু বিষয়ক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
এ সময় উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের শিক্ষক এনামুল হক, বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হাসনাইন আহমেদ, শিক্ষক নিহার বিন্দু বিশ্বাস, সংবাদ প্রতিদিনের বাউফল প্রতিনিধি জাফর আহমেদ, মানবজমিনের বাউফল প্রতিনিধি তোফাজ্জল হোসাইন প্রমুখ।