বাসস
  ২৩ জুন ২০২৬, ১১:৪৭

বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। ছবি: বাসস

বাগেরহাট,২৩ জুন, ২০২৬ (বাসস): বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট চৌরাস্তার মোড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

গতকাল সোমবার বিকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে গাছের চারা রোপনের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো প্রকল্পের অংশ হিসেবে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় এ বছর ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন জাতের ২ হাজার চারা রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বাকি গাছের চারাগুলো রোপণ করা হবে।

সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।