শিরোনাম

সাতক্ষীরা, ২২ জুন ২০২৬ (বাসস): জেলার তালা উপজেলায় আজ খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় তালা উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া, তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা খাল সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তালা উপজেলার খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম বাস্তবায়নে সর্বমোট খরচ ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।