শিরোনাম

ফরিদপুর, ২১ জুন, ২০২৬ (বাসস) : ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তেতুলতলা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩১ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এবং ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী মৌজার এসএ ২০২৪ ও ২০২৫ দাগভুক্ত সওজের অধিগ্রহণকৃত ও রেকর্ডীয় জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমিপাকা মার্কেট ভবন নির্মাণ করা হয়। এ ঘটনায় শলাকুন্ড গ্রামের অভিযুক্ত হামজাকে (পিতা মৃত আব্দুস সালাম) একাধিকবার সওজ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। অভিযানের সময় উদ্ধার হওয়া ইট ও বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং প্রাপ্ত অর্থ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
অভিযানে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এ সময় সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম উপস্থিত থেকে সার্ভেয়ারদের মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করে উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।
সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।