শিরোনাম

কক্সবাজার, ২১ জুন, ২০২৬ (বাসস) : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজারে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সাংস্কৃতিক ও মানবিক সংগঠন পরম্পরায়।
দিবসটি উপলক্ষে আজ রোববার সৈকত এলাকায় বিভিন্ন যোগচর্চা, ধ্যান, পরিবেশ সচেতনতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
এ আয়োজনে ধ্যান ও আত্মসচেতনতা বিষয়ক সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক যোগ প্রশিক্ষক, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মাহতাব সুমন।
আয়োজকরা জানান, বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করার বিষয়টি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বাস্তবতায় চলতি বছরের প্রতিপাদ্য সুস্থ বার্ধক্যের জন্য যোগ বিশেষ তাৎপর্য বহন করছে। তাদের মতে, নিয়মিত যোগব্যায়াম ও ধ্যান চর্চা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি, আবেগীয় ভারসাম্য এবং জীবনশক্তি ধরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে, যা সুস্থ বার্ধক্যের অন্যতম পূর্বশর্ত।
কর্মসূচির মধ্যে ছিল সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা সার্কেল, যৌগিক শ্বাস-প্রশ্বাস ও প্রাণায়াম অনুশীলন, নাদ যোগ এবং ওঙ্কার ধ্যান, চক্র সচেতনতা চর্চা, সাউন্ড মেডিটেশন, সমুদ্রতীরে নীরব ধ্যান এবং সূর্যাস্তের সময় সমাপনী মন্ত্র চর্চা। প্রতিটি আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ স্থাপনের বিষয়ে উৎসাহিত করা হয়।
সচেতন জীবনযাপন, পরিবেশগত দায়িত্ববোধ এবং সুস্থ বার্ধক্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া ফেলে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ প্রায় অর্ধশত সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে স্বাস্থ্যকর জীবনযাপন এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেন।