বাসস
  ২১ জুন ২০২৬, ২২:২২

নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

প্রতীকী ছবি

নরসিংদী, ২১ জুন, ২০২৬ (বাসস): জেলার মনোহরদী উপজেলায় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছেন। এসময় একজন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অযু করার সময় বজ্রপাতে ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।