শিরোনাম

খুলনা, ২১ জুন ২০২৬ (বাসস): নদী খননের মাটিতে ক্ষতিগ্রস্ত জেলার ডুমুরিয়া উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের ৬৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়েছে।
খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি গতকাল শনিবার (২০ জুন) বিকালে উপজেলার কাঠালতলা গুচ্ছগ্রামে এ সহায়তা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। তিনি ক্ষতিগ্রস্তসহ সাধারণ মানুষের সব ধরনের সমস্যা নিরসনে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
আলি আসগার লবি বলেন, ‘মানুষের দুঃখ দুর্দশায় বর্তমান সরকার সব সময় পাশে থাকবে। আমরা জনগণের সেবক হতে চাই। যে-কোনো দুর্যোগ সমস্যা মোকাবেলায় আপনারা যখনই আমাকে ডাকবেন তখনই আমি আপনাদের পাশে ছুটে আসব। ’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ সংসদ সদস্যদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি সেই নির্দেশ পালন করছি।’
এ সময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সহকারী কমিশনার (ভূমি), ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক আব্দুল্লাহিল কাফি সখা, যুবদল নেতা বেলাল উদ্দিন ও সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।