বাসস
  ২১ জুন ২০২৬, ১২:১৯

পঞ্চগড়ে সংস্কৃতির প্রসারে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরু 

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা কর্মসূচি শুরু করা হয়েছে। ছবি: বাসস

পঞ্চগড়, ২১ জুন ২০২৬ (বাসস): জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে প্রতিমাসে একদিন নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা কর্মসূচি শুরু করা হয়েছে। 

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের আয়োজনে প্রতি মাসের তৃতীয় শনিবার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে । অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিসহ জেলার নবীন ও প্রবীণ সংস্কৃতি কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেবেন।  

উদ্বোধনী আয়োজনে গান, নাচ ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পকলা একাডেমির সদস্যরা। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ইমাম রাজি টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।