বাসস
  ২০ জুন ২০২৬, ২০:৫৬

ময়মনসিংহে কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ 

ছবি : বাসস

ময়মনসিংহ, ২০ জুন ২০২৬ (বাসস) : জেলায় আজ নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও চাষাবাদে প্রযুক্তিগত সহায়তার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহাম্মদ খান, উপ-পরিচালক এনামুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী প্রমুখ উপস্থিত ছিলেন। 

পার্টনার কংগ্রেসের অংশ হিসেবে ‘পার্টনার অ্যাক্টিভিটি ও ভিশন ডিসপ্লে’ এবং ‘প্ল্যান্ট ডক্টরস ক্লিনিক’ প্রদর্শনীতে নিরাপদ খাদ্য ব্যবস্থা, গ্যাপ (উত্তম কৃষি চর্চা) এবং রপ্তানিমুখী কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও স্মার্ট কৃষির অংশ হিসেবে ড্রোন প্রযুক্তির ব্যবহার, এআই মডেলের মাধ্যমে ফলন পূর্বাভাস বিষয়ে আলোচনা হয়। রোবোটিক হার্ভেস্টিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী উপস্থিত কৃষক ও সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এডিপির উন্নয়ন কর্মসূচির আওতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সাবসার্সেবল পাম্প বিতরণ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 

ডশক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- অষ্টধর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বোররচর পূর্ব বনপাড়া দারুস সুন্নাহ নূরাণী হাফিজিয়া মাদরাসা, পরাণগঞ্জ উচ্চ বিদ্যালয়, অম্বিকাগঞ্জ কলেজ, সিরতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মহজমপুর হাফিজিয়া মাদরাসা এতিমখানা, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এবং ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

এরপর, মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ৪টি ছোট মাছ চাষ প্রদর্শনী প্রকল্পে চাষিদের মধ্যে গাছের চারা এবং মৎস খাদ্য বিতরণ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।