বাসস
  ০৪ জুন ২০২৬, ১৪:০০

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

প্রতীকী ছবি

ময়মনসিংহ, ৪ জুন, ২০২৬ (বাসস) : জেলার গৌরীপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মোকরামিন হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

আজ সকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের বয়ড়া বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের খেয়াঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মোকরামিন হাসান রাফি একই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এর আগে গতকাল বুধবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাফি। এর একপর্যায়ে তারা সাঁতরে বেশি পানিতে চলে যায়। এসময় দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাফি পানির স্রোতে তলিয়ে যায়। 

এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। তবে আজ দ্বিতীয় দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে বলে জানিয়েছে গৌরীপুর থানা পুলিশ ও নিহতের পরিবারিক সূত্র।

খবরের সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাসসকে বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। এনিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।