বাসস
  ০৬ মে ২০২৬, ১২:১১

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ১০

বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকাসহ ১০ জনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ।ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ৬ মে, ২০২৬ (বাসস) : জেলার ফতুল্লায় মাদকবিরোধী এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকাসহ ১০ জনকে আটক করেছে র‌ ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ।

মঙ্গলবার রাত ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার দু’টি বাড়িতে এ অভিযান চালানো হয়। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানায় নি র‌্যাব।

র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক নাঈম উল হক সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‌্যাবের ওপর হামলা ও ৩জনকে কুপিয়ে আহত করার ঘটনার প্রেক্ষাপটে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় সাড়াশি অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাতে থানা পুলিশের সহায়তায় দেওভোগ এলাকার একটি ছয় তলা ও একটি দুই তলা ভবনে তল্লাশি চালানো হয়।

অভিযানে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, টাকা গণনার মেশিন, একটি ড্রোন এবং রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকাও জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রাসেল ও রাশেদ নামে দুই ভাই তাদের সহযোগী রাজুসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকাকে মাদকের ‘ডিলার পয়েন্ট’ হিসেবে ব্যবহার করে আসছিল। তারা মূলত চট্টগ্রামের কক্সবাজার থেকে সরাসরি মাদকদ্রব্য এনে নারায়ণগঞ্জে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করত।

অভিযান চলাকালে মাদক কারবার ও হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদক, অস্ত্র ও টাকাসহ আটকদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।