বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১০:৫০

নাটোরে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোর, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : পরিবহনকালে ট্রাংক লরি থেকে দুই হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে আটটায় জেলার সিংড়া উপজেলায় আঁখি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

বাঘাবাড়ি ডিপো থেকে বরাদ্দকৃত মোট নয় হাজার লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে সিংড়া উপজেলার জামতলি বাজারের আঁখি ফিলিং স্টেশনে আসার পরে ট্যাংক লরিতে দুই হাজার লিটার জ্বালানি তেলের ঘাটতি পাওয়া যায়। 

লরি ম্যানেজার আবু সাঈদকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বগুড়াতে দেড় হাজার লিটার পেট্রোল এবং ৫০০ লিটার ডিজেল বিক্রি করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লরি ম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকার দণ্ডাদেশ প্রদান করে তা আদায় করেন। অভিযুক্ত আবু সাঈদের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরে।