বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১২:৪২

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনকে আর্থিক সাহায্য প্রদান

ছবি: বাসস

খুলনা, ১৭ মার্চ ২০২৬ (বাসস): জেলায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকালে বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে এ সাহায্য প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার প্রতিবছর স্বেচ্ছাধীন আর্থিক তহবিল হতে প্রতিটি বিভাগের অসহায়, গরীব-দুস্থ ব্যক্তির মধ্যে সহযোগিতায় প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় খুলনাতেও আজকের এ সাহায্য প্রদান অনুষ্ঠিত হচ্ছে। এ আর্থিক সহযোগিতার ফলে ঈদের আগে একটু হলেও আপনাদের পরিবারে স্বস্তি বয়ে আনবে।

খুলনা বিভাগের আওতায় সরকারের স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক সাহায্যের জন্য সকল জেলা থেকে প্রাপ্ত আবদেন পত্র যাচাই-বাচাইয়ের জন্য একটি কমিটি করা হয়। কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৮ লাখ ৭২ হাজার টাকা ১৮৮ জনের মধ্যে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক, অতিরিক্ত কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজসহ বিভিন্ন জেলা থেকে আগত সাহায্য গ্রহীতাগণ।