বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১১:১৯

ঈদ উপলক্ষে মধুমতি বিদ্যুৎ কেন্দ্রের ত্রাণ বিতরণ

ছবি: বাসস

বাগেরহাট, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেছে মধুমতি ১শ’ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্র।

গতকাল সোমবার সকালে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন বিদ্যুৎ কেন্দ্রটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

কোম্পানির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ( সি এস আর) কর্মসুচির আওতায় মোল্লাহাট উপজেলার ২শ’টি দরিদ্র, গৃহহীন, কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ ও সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল। মোট প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা মূল্যমানের এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। 

এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো. নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিত কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কে. এম. মহিউদ্দিন আবীর, জুনিয়র সহকারী ব্যবস্থাপক নাজোর ইসমাইল রায়েন ও সহকারী সিকিউরিটি অফিসার মো. সামিউল ইসলাম জনি প্রমুখ।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাসিবুল হাসানের নির্দেশনায় ঈদকে সামনে রেখে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘবের লক্ষে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।