শিরোনাম

রংপুর, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : রংপুর মহানগরীতে পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় সন্দেহভাজন আরও দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার হাবিবুর রহমান বাসস’কে জানান, ১৬ মার্চ রাতে কোতয়ালী থানার ইসলামবাগ এলাকার আরকে রোডে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা হয়েছে। পরদিন একই আসামিকে একটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তার বাসা থেকে আবারও আটক করে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, ১৬ মার্চ রাতে ডিবির অভিযানে হারাগাছ থানার উত্তর বানুপাড়া এলাকা থেকে ১২৫ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
এ ছাড়া, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রমজান আলী (২০) ও শান্ত (২৮) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মহানগর পুলিশ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।