বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১০:৫৫

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

রংপুর,  ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : রংপুরে সার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর এক কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।

পুলিশ জানায়,গত  রোববার নগরীর পান্ডারদিঘী এলাকা থেকে বিএডিসি’র উপ-সহকারী পরিচালক জিয়াউর রহমান (৪১), গুদাম শ্রমিক সর্দার আশরাফ ওরফে কাল্লু (৫৫), মমদেল হোসেন (৫২) ও লিটন কুমার রায় (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে ডিলারদের কাছে সরকারি সার কালোবাজারিতে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এরআগে, গত ১৯ জানুয়ারি পরশুরাম থানার সামনে অভিযান চালিয়ে ২১৪ বস্তা সরকারি সারসহ একটি ট্রাক জব্দ এবং চালক মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় মামলা দায়েরের পর তাকে জিজ্ঞাসাবাদ করে সার কালোবাজারি চক্রের বিষয়ে তথ্য পায় পুলিশ এবং পরে ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় এর আগে গত ৮ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।