বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৩:১৬

নেত্রকোণায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ‘ফ্যামিলি কিটস’ বিতরণ

সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক।ছবি: বাসস

নেত্রকোণা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ’ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২-এর আওতায় প্রথম ধাপে ২৫টি সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুর পরিবারের মাঝে ‘ফ্যামিলি কিটস’ বিতরণ করা হয়েছে।

ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, নেত্রকোণা সদর আয়োজিত সোমবার সকাল এগারোটায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক।

বিতরণকৃত প্রতিটি ফ্যামিলি কিটবক্সে ছিল-বড় কম্বল ২টি, শিশুদের জন্য ছোট কম্বল ২টি, গোসলের সাবান ২টি, কাপড় ধোয়ার সাবান ২টি, বড় টুথপেস্ট ২টি, টুথব্রাশ ৪টি, মশারি ৪টি, রিচার্জেবল ব্যাটারিচালিত টর্চলাইট ১টি, তোয়ালে বা গামছা ২টি এবং একটি পানি নিরোধক (ওয়াটার প্রুফ) ক্যারি ব্যাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সহায়তার আওতায় মূলত কেস ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত আইনের সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু এবং তীব্রমাত্রায় ঝুঁকিপূর্ণ শিশুদের পরিবারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত, প্রতিবন্ধী, হরিজন সম্প্রদায়, পিতৃহীন-মাতৃহীন শিশুসহ রেল কলোনি ও সুইপার কলোনির সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারকে এই কিটবক্স প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রহমান এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।