শিরোনাম

বগুড়া, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল করিম বাদশা আজ থেকে এক অভিনব ও পরিবেশবান্ধব পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সোমবার সকালে তিনি ভোটারদের মাঝে সাধারণ লিফলেটের পরিবর্তে ‘বীজ কাগজ’ বা ‘সিড পেপার’ বিতরণের মাধ্যমে এই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যতিক্রমী ‘বীজ কাগজ’ ও পরিবেশ রক্ষা :
প্রচারণা চলাকালীন রেজাউল করিম বাদশা বাসস’কে জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই বিশেষ ‘বীজ কাগজ’ উপহার হিসেবে ভোটারদের দেয়া হচ্ছে। মূলত লিফলেটের কাগজের ভেতরেই যখন বিভিন্ন গাছের বীজ মিশিয়ে দেয়া হয়, তখন তাকে ‘বীজ কাগজ’ বলা হয়। এটি এমন একটি পরিবেশবান্ধব প্রচার পদ্ধতি যেখানে লিফলেটটি পড়ার পর মাটিতে ফেলে দিলে বা পুঁতে ফেললে সেটি থেকে চারাগাছ জন্মায়। বাদশা উল্লেখ করেন, তাদের সরবরাহকৃত এই কাগজে লাল শাক, পুঁই শাক, মরিচ ও টমেটোসহ পাঁচটি ভিন্ন সবজির বীজ রয়েছে, যা মাটির সংস্পর্শে এলেই গাছে রূপান্তরিত হবে।
উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতির বার্তা :
বগুড়া পৌরসভার সাবেক এই মেয়র লিফলেট বিতরণের পাশাপাশি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বাসস’কে জানান , ‘এই আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের আসন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসন থেকে জয়লাভ করেছিলেন এবং বগুড়াবাসীকে তিনি অত্যন্ত ভালোবাসেন।’ নির্বাচিত হলে তাঁর প্রতিনিধি হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়ন, বিমানবন্দর চালু, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা-বগুড়া সরাসরি রেলওয়ে সংযোগ স্থাপনের মতো উন্নয়নমূলক কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার অঙ্গীকার করেন তিনি। এছাড়াও শহরের যানজট ও জলাবদ্ধতা নিরসনে আধুনিক পরিকল্পনার কথা জানান তিনি।
নির্বাচনী সমীকরণ ও ভোটগ্রহণ:
গত ১২ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনে জয়ী হয়ে আসনটি ছেড়ে দেয়ায় এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রিটার্নিং অফিসার মো. ফজলুল করিমের তথ্য মতে , এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপি’র মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তারেক রহমান ঢাকা-১৭ আসনে শপথ গ্রহণ করলে বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুসারে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। সেদিন আসনের ১৫০টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।
বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ (সদর) আসনে হালনাগাদ তথ্যানুযায়ী মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন ও নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১০ জন।