শিরোনাম

নাটোর, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় খোলা বাজারে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিপণন কার্যক্রম ক্রেতা সমাগমে মুখর হয়ে উঠেছে। শহরের পাঁচটি জনবহুল স্থানে ‘ভ্রাম্যমান ট্রাক সেল’ নামে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।
ট্রাক সেল কার্যক্রমের আওতায় প্রত্যেক ক্রেতা ৫১০ টাকায় দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি ও ছোলা পাচ্ছেন। প্রতিটি স্থানে ৪০০ ব্যক্তি অর্থাৎ মোট দুই হাজার ব্যক্তি প্রতিদিন এই সুবিধা পাচ্ছেন।
জেলা প্রেসক্লাব চত্বর, নাটোর সদর থানা, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গন, বনবেলঘড়িয়া বাইপাস এবং রেল ষ্টেশন বাজার এলাকায় ক্রেতারা লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন।
প্রেসক্লাবের সামনে টিসিবি’র পণ্য সংগ্রহকারী আব্দুস সবুর বলেন, বাজার মূল্যের চেয়ে দুই লিটার সয়াবিন তেল ১৬০ টাকা কম দামে পাচ্ছি, চিনি ২০ টাকা কম দামে, ছোলা ২০ টাকা কম দামে, দুই কেজি মসুর ডালে ৩০ টাকা কম পাচ্ছি। পণ্যের মানও ভালো। আমি নিয়মিত ক্রেতা।
আরেক ক্রেতা হাজেরা বেগম বলেন, বাজার থেকে টিসিবি’র পণ্যের দাম অনেক কম। তবে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
টিসিবি’র ডিলার মো. সুমন জানান, টিসিবি’র পণ্য ক্রয়ে ক্রেতাদের ব্যাপক চাহিদা। আমরা নিয়ম মেনে তাদের চাহিদা পূরণ করছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত বলেন, সুষ্ঠুভাবে বিপণন কার্যক্রম সমাধান করতে প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে।