বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪

গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট

গাজীপুর, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের গুণগত মান ও মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

রমজানের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার জেলার টঙ্গী ও সালনা এলাকায় পাইকারি, খুচরা ও ভোক্তা পর্যায়ে চাল, ডিম, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ সরেজমিনে যাচাই করা হয়। 

বাজারে ভোক্তাদের সচেতনতা বাড়াতে অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

অভিযানকালে মোট ৫৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিকভাবে ওজনে ঘাটতি না রাখা এবং সরকারের প্রচলিত আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বাসসকে জানান, রমজানে যেন সাধারণ মানুষ ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য পায়, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। কোন অসাধু ব্যাবসায়ী যাতে দ্রব্যমূল্যের অযৌক্তিক বাড়তি দাম, ওজনে কারচুপি ও মানহীন পণ্য বিক্রির না করে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহানগরের টঙ্গী বাজার ও সালনা বাজার এলাকায় পাঁচজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান, ফাহমিদা বিনতে হাফিজ, তাশরীফুল ইসলাম, জেসমিন আক্তার এবং ফারিয়া তাসনীম।