শিরোনাম

সিলেট, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান আজ এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুণ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি চলমান সামাজিক উদ্যোগ হিসেবে নিতে হবে। এ কাজে সবাইকে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে হবে। প্রতি শনিবার এক ঘণ্টা করে সময় দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচিকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, সিলেট জেলায় আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে নির্ধারিত রুটিন অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।