শিরোনাম
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দুই দেশের পর্যটন খাতের প্রসার এবং পর্যটক বিনিময় বাড়াতে ঢাকা ও ম্যানিলার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ফিলিপাইন।
আজ বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বিএটিওএ)’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দেশটির পর্যটন বিভাগ (ডিওটি)’র ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর) কার্যালয়ে বিএটিওএ প্রতিনিধিদলের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিপাইন পর্যটন বিভাগের আঞ্চলিক প্রধান ইভানলোভিচ ‘দিমিত্রি’ আগোতের সঙ্গে দ্বিপক্ষীয় পর্যটন সম্পর্ক জোরদার, বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষই জোর দিয়ে বলে যে, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সরাসরি ও সুলভ আকাশপথের সংযোগ উভয় দেশের পর্যটক যাতায়াত সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
আলোচনায় দুই দেশের পর্যটক প্রবাহ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে ক্রমবর্ধমান বাংলাদেশি পর্যটকদের ফিলিপাইন ভ্রমণ করার পাশাপাশি অধিক সংখ্যক ফিলিপিনো ভ্রমণেচ্ছুদের বাংলাদেশে আকৃষ্ট করার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বিএটিওএ প্রতিনিধিদল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক নিদর্শন এবং বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণের দিকগুলো তুলে ধরে। ফিলিপিনো পর্যটকদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে জোরালো যৌথ প্রচারণামূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও তারা জোর দেন।
এ ছাড়া উভয় দেশের ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য বেসরকারি অংশীজনদের মধ্যে শক্তিশালী ব্যবসাভিত্তিক (বি-টু-বি) সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশ ও ফিলিপাইনের পর্যটন বাজারকে আরও গতিশীল করতে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন সুযোগ নিয়েও আলোচনা হয়।
বিএটিওএ জানায়, পর্যটন কেবল একটি অর্থনৈতিক খাতই নয়, বরং এটি দুই দেশের জনগণের সম্পর্ক জোরদার, সাংস্কৃতিক বিনিময়, বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম।
উভয় পক্ষই মনে করে যে, উন্নত বিমান যোগাযোগ, কার্যকর গন্তব্য প্রচার, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাংলাদেশ-ফিলিপাইন পর্যটন অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলতে সাহায্য করবে।
ম্যানিলায় সফররত বিএটিওএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং উপদেষ্টা তৌফিক রহমান।