শিরোনাম

নাটোর, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার সিংড়ায় অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় উপজেলার বিয়াশ বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিয়াশ বাজারের খুচরা সার বিক্রি প্রতিষ্ঠান মেসার্স হামিদ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে অবৈধ ২২৬ বস্তা সার মজুত পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী হামিদুল ইসলামের ছেলে রাসেলকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই গুদামে মজুত সার সরকারি মূল্যে একদিনের মধ্যে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
পরে বিয়াশ চারমাথা মোড়ে কীটনাশক ব্যবসায় প্রতিষ্ঠান তরিকুল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমানকে সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ব্যবসায়ীকে মজুত কার্যক্রম থেকে বিরত থাকার জন্যে সতর্ক করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসরিফুল ইসলামসহ সিংড়া থানা পুলিশের সদস্যরা।