বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৭

পিরোজপুরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

ছবি : বাসস

পিরোজপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শিশুশ্রম নিরসন এবং ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সদর উপজেলাকে শিশু শ্রম নিরসন ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু সাঈদ এ ঘোষণা দেন।

পিরোজপুর জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং পিরোজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এই শিশুশ্রম নিরসন ও ঝরে পড়া শিশু মুক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুরের এরিয়া ম্যানেজার লিন্ডা দফো।

অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রম নিরসন, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং তাদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার বাইরে থাকা শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।