বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৪

ফেনীতে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ছবি : বাসস

ফেনী, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ ও তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা এবং আদায় করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফাহমিদা আক্তার এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা মৎস্য অধিদপ্তরের গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির খবরে ফেনীর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহামিদা আক্তারের নেতৃত্বে ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালায়। 

এসময় আল্লাহর দান ফিশিং থেকে ৫৬ কেজি, এরফান ফিশিং থেকে ২৪ কেজি ও বেলাল ফিশিং থেকে ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়।

এ সময় আল্লাহর দান ফিশিংকে ৫০ হাজার, বেলাল ফিশিংকে ২০ হাজার ও এরফান ফিশিংকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, ফেনী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলামসহ ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান বাসসকে জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চিংড়ি কেরোসিন তেল দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।