বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫

নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান

ছবি: বাসস

ময়মনসিংহ, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেছেন, চলতি বছরের ১০ এপ্রিল উন্নয়ন কর্তৃৃপক্ষের আইন পাস হয়েছে। এ আইন পাস হওয়ার পর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যে নির্ধারিত এলাকা আছে, সেই এলাকার মধ্যে সমন্ত প্ল্যান পাস করবে উন্নয়ন কর্তৃপক্ষ। শুধু প্ল্যান পাস করেই উন্নয়ন কর্তৃপক্ষ বসে থাকবে না, কর্তৃপক্ষের কর্মকর্তারা বিশেষ করে পরিদর্শক প্রকৌশলীরা নির্ধারিত ভবনে যাবে এবং ওই ভবনের যে প্ল্যান আছে সেই প্ল্যান দেখে তা বাস্তবায়ন করবে।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মউক চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্তৃপক্ষের এ আইন পাস হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের সকল সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এই সক্রান্ত সমস্ত ফাইলপত্র ও তথ্য বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আশা রাখি, সিটি কর্পোরেশন উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এই সক্রান্ত সমস্ত ফাইলপত্র বুঝিয়ে দিবে। এছাড়া আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ের চিঠি, গণপূর্তের চিঠিসহ আমাদের একটা চিঠি সিটি কর্পোরেশনকে দিয়েছি। আশা রাখি তাদের কাছ থেকে সহযোগিতা পাব এবং আমরা ময়মনসিংহকে একটা পরিকল্পিত নগরী হিসেবে তৈরি করতে পারব।

এ সময় নিয়ম অমান্য করে নির্মাণাধীন বা নির্মিত ভবন প্রসঙ্গে মউক চেয়ারম্যান বলেন, কেউ ভবন নির্মাণে অনিয়ম করলে আইনে জরিমানার বিধান আছে। প্রয়োজনে ভবন মডিফাই করারও বিধান আছে। তাছাড়া যেসকল কর্মাশিয়াল স্পেসে-এ কার পাকিং করা হয় নাই, সেখানে আমরা কার পাকিং বাধ্যতামূলক করেছি। 

এর আগে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের অনুষ্ঠিত বোর্ড সভায় উপস্থিত ছিলেন বোর্ড সদস্য ও মউক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোজা মো. গোলাম মাসুম প্রধান, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি সায়কা বিনতে আলম।

উল্লেখ্য, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হওয়ার পর এই প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে প্লান পাস, ফি নির্ধারণ ও ব্যাংক হিসাব চালুসহ বিবিধ আলোচনা করা হয়।