বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২ 

কক্সবাজার, ৯ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দুপুরে হ্নীলা স্লুইচগেট পোস্ট এলাকায় অভিযানকালে এসব ইয়াবা জব্দ করা হয়। 

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার গোপাল দাসের ছেলে জয়গর দাস এবং একই উপজেলার ফুলের ডেইল এলাকার মো. শফির ছেলে মো. হোসেন।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান আসছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি’র উখিয়া ব্যটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে হ্নীলা বিওপি থেকে আনুমানিক এক কিলোমিটার দক্ষিণে বিআরএম-১২ থেকে প্রায় দুইশ’ গজ উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক দুইশ’ গজ বাংলাদেশের ভেতরে স্লুইচগেট পোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জয়গর দাস ও মো. হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।