বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা

ছবি: বাসস

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’র সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সদস্য অ্যাডভোকেট মাইনুউল আহসান পান্নাসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে রুহুল কবির রিজভী বিএনপির নেতাকর্মীদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় দল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।