বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৪
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৭

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ছবি : বাসস

বরিশাল, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বরিশাল নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে আজ বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিসিসি’র প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নগরীর বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধংস এবং মশা নিধনে ওষুধ ছিটানো হয়। বিসিসি’র ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানের সার্বিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা উপস্থিত ছিলেন।

ছবি : বাসস

এছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো. জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ বিসিসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ডেঙ্গুর উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬০ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্তান্ত হয়ে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়েছেন মোট ৭ হাজার ৩৯৫ জন রোগী।

সিটি কর্পোরেশনের সচিব রুম্পা সিকদার বাসস’কে জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেয়া এবং মশার প্রজননস্থল ধংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।