শিরোনাম

ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে।
গতকাল রাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার জসিমের ঘের নামক স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, দুই জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল ধাওয়া করে হেলাল মিয়াকে (২৫) আটক করতে সক্ষম হয়।
এসময় বিজিবি টহলদল তল্লাশি চালিয়ে ১ লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
আটককৃত হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে। সে ইয়াবাগুলো মায়ানমার সীমান্ত থেকে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।