বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০০

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান তথ্যমন্ত্রীর

বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। ছবি : বাসস

ভোলা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।

আজ বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন—এটাই জাতির প্রত্যাশা। তবে, কেবল নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগত মান পরিবর্তন করা যাবে না; নৈতিকতার জায়গা থেকে তাদের বস্তুনিষ্ঠভাবে তৈরি হতে হবে। সাংবাদিকদের মনে রাখতে হবে, তাদের লেখনি যেন মানুষের কল্যাণে আসে এবং অহেতুক কারো সম্মান নষ্ট না করে।’

রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, জনগণের সুবিধার জন্য সরকার যেসব উন্নয়ন বরাদ্দ পাঠায়, সেগুলো সঠিকভাবে বণ্টন হচ্ছে কি না এবং উন্নয়ন টেকসই হচ্ছে কি না—সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে।

মাদক সমস্যা প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আন্দালিভ রহমান বলেন, তরুণ প্রজন্মকে মাদকের অবক্ষয় থেকে রক্ষা করতে এলাকাভিত্তিক কমিউনিটি পুলিশিং ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

ভোলার আঞ্চলিক উন্নয়ন নিয়ে আন্দালিভ রহমান বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও জেলাজুড়ে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নিয়মতান্ত্রিক উপায়ে কাজ চলছে। ভোলার সার্বিক রূপান্তরে তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার পিপিএম (বার), জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।